মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোমাসদৃশ বস্তু দেখতে পায় বাড়ির সদস্যরা। পরে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী বলেন, বাড়ির প্রবেশপথে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে বোমাসদৃশ বস্তুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বস্তু দুইটি রেখে যাওয়া ব্যক্তিতের শনাক্ত কাজ করা হচ্ছে।



