শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন সবুজ মিয়া (২২) ও জাকিরুল ইসলাম জয় (২৫)। সবুজ মিয়া উপজেলার চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে। আর জাকিরুল ইসলাম জয় পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের আবুল বাশার লতা মিয়ার ছেলে।
শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল লতিফ মিয়া জানান, চরশিমুলচূড়া এলাকার শুকুর আলীর ছেলে সবুজ মিয়া মোটরসাইকেলযোগে শ্রীবরদী শহরে যাচ্ছিলেন। অপরদিকে পৌর শহরের মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় শ্রীবরদী শহর থেকে দহেরপাড় যাচ্ছিলেন। শ্মশানঘাট এলাকায় এলে তাদের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক সবুজ মিয়া। আর গুরুতর আহত হন অপর মোটরসাইকেলের চালক জয়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয়কে জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আজ ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া।



