শেরপুরের শ্রীবরদীর হাতিবর টিলাপাড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছে ছেলে। এ ঘটনায় বাবা সামিউল হককে (৬২) গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকার হাতিবর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সামিউল হক শ্রীবরদীর হাতিবর টিলাপাড়ার সাইজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শ্রীবরদীর হাতিবর টিলাপাড়ার সামিউল হক ও তাঁর স্ত্রী জবেদা বেগমের (৫৫) চার সন্তান রয়েছে। দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ধারালো দা দিয়ে গত মঙ্গলবার জবেদা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন স্বামী সামিউল। এতে আশঙ্কাজনক অবস্থায় জবেদা বেগমকে প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতাল পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে তাঁকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান জবেদা বেগম। পরে মরদেহ দ্রুত বাড়িতে এনে গোপনে দাফন করার চেষ্টা করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় তাদের ছেলে সুরুজ মিয়া বাদী হয়ে বাবা সামিউল হকের বিরুদ্ধে শ্রীবরদী থানা একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে সামিউল হককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘ওই নারী ঢাকায় হাসপাতালে মারা যান। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।’



