রাজশাহীর বাঘায় কালবৈশাখি ঝড়ে চায়ের স্টলের ওপর গাছ উপড়ে পড়ে দুজন নিহত হয়েছেন। উপজেলার বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন– বাঘার পাঁচপাড়া গ্রামের জালাল ও জাকির হোসেন ।
বিষয়টি নিশ্চিত করে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে কালবৈশাখি ঝড় হয়। ঝড়ের তাণ্ডবে বিশাল আকারের একটা পাইকড়ের গাছ রাজার মোড়ে চায়ের স্টলের ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। কয়েকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’



