নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৌতম সরকার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বেশ কয়েক বছর আগে তাঁর স্ত্রী-সন্তান তাঁকে ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ থাকায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে অনেকে।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তিনি নিজের ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার মরদেহ কয়েকদিন ঘরের ভেতরেই পড়ে ছিল। পরবর্তীতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা মহাদেবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।



