নাটোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূঁইয়া খোকন ঈদ করতে শ্বশুরবাড়িতে গেলে তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় খোকনের শশুর বাড়িতে এ হামলা হয়।
আহত আলী আজগর ভূঁইয়া খোকন সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শহরের বড়হরিশপুরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
আহত আলী আজগর ভূঁইয়া খোকনের পরিবারের সদস্যরা জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপি–জামায়াতের লোকদের হামলার আতঙ্কে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন খোকন। এতদিন পর ঈদের আনন্দে বাড়িতে আসে। সকালে ঈদের নামাজ পড়ে আলী আজগর ভূঁইয়া একই ইউনিয়নের হাজিগঞ্জ গ্রামে তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে যান। সন্ধ্যার পর যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব , সাদ্দামসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় বাড়িতে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
খোকনের পরিবারের সদস্যরা আরও জানায়, হামলার সময় খোকনকে বাঁচাতে গেলে বাড়িতে থাকা নারীদের লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। এ সময় তাদের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এসে আলী আজগরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই বলেন, নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহীনকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সভাপতি আলী আজগর ভূঁইয়া খোকন ও তার অনুসারীরা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। এই ঘটনার জের ধরে যুবদল নেতা শাহীন ও তার অনুসারীরা আলী আজগর ভূঁইয়া খোকনের ওপর এমন হামলা করে। এই হামলা এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নেতা আলী আজগর ভূঁইয়াকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে নিজ বাড়িতে এসে সকালে শ্বশুর বাড়িতে গেলে সন্ধ্যায় এ ঘটনা হয়। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি থানায়। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’



