ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত দর্শনার্থী এবং সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী অতিথি-দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
প্রক্টর ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সকলের সহযোগিতায় আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ক্যাম্পাসে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীতে টানানো ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।
পরে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর উদ্যোগে উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে প্রশাসন এই বিশেষ নির্দেশনা জারি করেছে।



