বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।
সোমবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মালবাহী ওই বগিটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার প্রধান রেলগেটে লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে।
এদিকে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলে জানালেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন। তিনি জানান, আপাতত পড়ে যাওয়া মালবাহী বগিটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। পরবর্তীতে উদ্ধার কাজ করা হবে।



