নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল। মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে ভবনটি। দ্রুত সময়ের মধ্যে মার্কেটটি চালুর দাবি স্থানীয়দের।
নীলফামারীর সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে পৌরসভার নিজস্ব জমিতে নির্মাণ করা হয় আধুনিক পৌর সুপার মার্কেট। ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি মার্কেটটি।
একতলা এই মার্কেটে রয়েছে ৯০টি দোকান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, গাড়ি পার্কিং, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও অভ্যন্তরীণ পাকা সড়ক। তবে দীর্ঘদিনেও চালু না হওয়ায় অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনা। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘জমি সংক্রান্ত জটিলতায় মার্কেটটি মূল শহর থেকে দূরে নির্মাণ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে মার্কেটটি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’
মার্কেটটি দ্রুত চালু হলে উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন স্থানীয়রা।



