হবিগঞ্জ মাধবপুরে ফোনে কথা বলায় রানু বেগম (১৫) নামের এক কিশোরীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মঈন উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাসিমনগর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে এসে কৃষি কাজ করেন। তার ৩ ছেলে ২ মেয়ে রয়েছে। তার মেয়ে রানু বেগম মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলত। ফোনে কথা না বলার জন্য বলে আসছিলেন বাবা মঈন উদ্দিন।
বুধবার দুপুরে রানুকে ফোনে কথা বলতে দেখে শাসন করেন। একপর্যায়ে রানু বেগম রেগে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ায়। ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দেন তার বাবা। এতে ঘটনাস্থলে রানু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মঈন উদ্দিনকে আটক করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



