সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১ জনকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।
লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, আজ শনিবার সকাল ৬টার দিকে জকিগঞ্জের লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে ২১ জন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির একটি দল তাঁদেরকে আটক করে। আটকদের মধ্যে ১২জন পুরুষ, চারজন নারীসহ পাঁচজন শিশু রয়েছে। তাঁদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার কার্যক্রম চলছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি।
সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনাসহ বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা রয়েছে বলেও জানায় বিজিবি।



