হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী শাপলা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে স্বামী রাজন মিয়াকে মাধবপুর থানা পুলিশ আটক করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, রাজনের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে তাঁকে নিয়ে করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের মরদেহ উদ্ধার করা হয় রাতে। নিহত শাপলা বেগম নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। আটক রাজন মিয়া নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকার কাজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই দম্পতি মাধবপুর পৌর এলাকার একটি কারখানায় চাকরি করতেন এবং ভাড়া বাসায় বসবাস করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাতে রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বালির নিচে পুঁতে রাখে।
পরিদর্শক কবির হোসেন আরও জানান, মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মামলার প্রস্তুতি নেওয়া হবে। আটক স্বামী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।



