ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় পিকআপ ভ্যান খাদে পড়ে নারীসহ চারজন নিহত হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– গাড়িচালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০) ও ছেলে সজিব (১৩)। অপর একজনের নাম জানা যায়নি। তবে তারা সবাই একই পরিবারের হবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘরের আসবাবপত্রবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশ থেকে ডান পাশে থাকা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ ও একজন নারী নিহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



