যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ’ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এই মেলা। মূলত ব্যবসায়ীদের মাঝে কার্যকর ম্যাচমেকিংয়ের সুযোগ করে দিতেই ই আয়োজন।
যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী একাধিক দেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবী এই মেলায় অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লোফলার। বক্তারা আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং দেশগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
কেলি লোফলার তাঁর বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা তুলে ধরেন। অন্যদিকে, ড. জিয়াউদ্দিন আহমেদ মার্কিন অর্থনীতি ও বিজ্ঞানে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে স্থপতি ফজলুর রহমান খান, খান একাডেমি খ্যাত সালমান খান, ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিমসহ একাধিক বিশিষ্ট ব্যক্তির অর্জনের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, 'বাংলাদেশের তৈরি পোশাকের জন্য যুক্তরাষ্ট্র যেমন একটি বড় বাজার, তেমনই বাংলাদেশও মার্কিন পণ্যের বাজার সম্প্রসারণ করছে। এই মেলা দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের একটি শক্তিশালী সেতু।'
গ্রেটার নিউইয়র্ক চেম্বারের ২৫ বছরের এক্সপো আয়োজনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মার্ক জাফে জানান, বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে গত ৫ বছরের টানা অংশীদারিত্ব বড় ও ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করছে।
এবারের মেলায় মূল আকর্ষণ হিসেবে ছিল ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) ম্যাচমেকিং প্রোগ্রাম। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি বিদেশি ক্রেতা, বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে নতুন ব্যবসায়িক চুক্তি ও পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন।
মেলায় বাণিজ্য সম্পর্কিত সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬,’ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও প্রবাসী (এনআরবি) বিনিয়োগ সম্পর্কিত বেশ কয়েকটি সেশন ছিল।
অনুষ্ঠানে বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ৬ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘আন্তর্জাতিক বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বহুদেশীয় ব্যবসায়ীদের মিলনমেলায় রূপান্তরিত হওয়া এই এক্সপো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি ও নতুন বাণিজ্য সম্ভাবনা আরও বাড়াবে।



