মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জ্বালানিসহ অন্যান্য পণ্যের সংকট তৈরি হয়েছে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।
সম্প্রতি প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের জেরে বিশ্বজুড়ে প্রবৃদ্ধি যেমন কমছে, তেমনি বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব শুধু সংঘাতপূর্ণ অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এর ধাক্কা।
আইএমএফ আরও বলছে, মধ্য মেয়াদে বিশ্বে প্রবৃদ্ধির সম্ভাবনা নানা চ্যালেঞ্জের কারণে ব্যাহত হতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারণে উৎপাদনশীলতা বাড়লে প্রবৃদ্ধি বাড়তে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালে বিশ্বজুড়ে বেসরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগ ২ লাখ কোটি ডলার ছাড়াতে পারে বলে জানিয়েছে আইএমএফ।


