ভালোবাসা কি শুধু মুখে বললেই প্রকাশ পায়? নাকি নির্ঘুম রাত আর কাজে মন না বসার মধ্যেও লুকিয়ে থাকে মনের গোপন অনুভূতি? এমনই এক আবেগের গল্প নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। তাঁদের দ্বৈত গানটির শিরোনাম ‘নির্ঘুম রাত জানে’।
কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন শওকত আলী ইমন। ঢাকার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটির ভাবনা নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘‘ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সব সময় মুখে বলা কথায় থাকে না। কখনো নির্ঘুম রাত, কখনো কাজে মনোযোগ দিতে না পারার মতো অভিজ্ঞতাও মনের গভীর অনুভূতি প্রকাশ করে। অন্যের কাছ থেকে আবেগ লুকিয়ে রাখা গেলেও নিজের কাছ থেকে তা আড়াল করা যায় না। এই উপলব্ধিই উঠে এসেছে ‘নির্ঘুম রাত জানে’ গানে।’’
বালাম-কোনাল জুটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শওকত আলী ইমন বলেন, চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি দারুণ গান উপহার দিয়েছেন। নতুন গানটিতেও দুজন অসাধারণ গেয়েছেন। শ্রোতারা গানটি উপভোগ করবেন বলে তাঁর প্রত্যাশা।
এর আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে আলোচনায় আসে এই জুটি। এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন তাঁরা। ‘হান্নান’ সিনেমাতেও রয়েছে তাঁদের গাওয়া গান। চলচ্চিত্রের বাইরেও একসঙ্গে কাজ করেছেন বালাম ও কোনাল। ‘এইদিন সেই দিন ঈদ আনন্দ’ শিরোনামের ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা। গানটির কথা লিখেছিলেন রবিউল ইসলাম জীবন, আর সুর ও সংগীত পরিচালনা করেছিলেন বালাম।
নতুন গানটি নিয়ে আশাবাদী কোনালও। তাঁর ভাষ্য, ‘শ্রোতারা এখন যে ধরনের গান শুনতে পছন্দ করেন, ‘নির্ঘুম রাত জানে’ তেমনই একটি গান। ভালোবাসার যে অনুভূতি মুখে প্রকাশ না পেলেও মানুষের আচরণে ধরা পড়ে, সেটিই এখানে তুলে ধরা হয়েছে। বালাম ভাইয়ের সঙ্গে আগের গানগুলোর মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।’


শেরপুরে ড্রাম থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
