সরকারি হাসপাতালে রোগীর সেবা বাড়াতে সান্ধ্যকালীন শিফট চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা ১৩৫ থেকে বাড়িয়ে ২৫০ এ উন্নীত করা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, অনেক রোগী দুপুরের পর বিকেল বা সন্ধ্যায় হাসপাতালে আসলেও সেবা পান না। নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ এবং আরও বেশি সংখ্যক টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হলে সান্ধ্যকালীন শিফট চালুর মাধ্যমে জনগণকে কিভাবে আরও ভালো সেবা দেওয়া যায় সে ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।
বেশ কিছুদিন ধরেই সান্ধ্যাকালীন শিফট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও একটি শিফট বিকেল বা সন্ধ্যায় চালু করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই-এক দিনের মধ্যে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।


