স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন।
পৃথক প্রজ্ঞাপনে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ডা. এ এন এম বজলুর রশিদকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াছমিন বেগমকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।



