সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রীর কথা বলার কিছুসময় আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের নতুন ভাড়া ঠিক করা হয়েছে। প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ানো হয়েছে ১৭ পয়সা।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আজই গেজেট হবে, গেজেট মানেই কার্যকর। মেথড অনুযায়ী ২০ পয়সা বাড়ে। এর কম তারা মানতে চায়নি। মেইনটেন্যান্স কস্টের কথাও বলছে তারা (বাস মালিক সমিতি)।
তিনি বলেন, দীর্ঘক্ষণ আলোচনার পর তাদের পরিস্থিতি বুঝিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়বে বলে নির্ধারিত হয়েছে। যেকোনো ভাড়া বাড়লে জনগণের ওপর চাপ। তবে সবকিছু বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে সক্ষম হয়েছি বলে মনে করি।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি বিবেচনা করলে রাষ্ট্রকে তো এডজাস্ট করতে হয়। তবে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল হবে।
শেখ রবিউল আলম বলেন, রেলের ভাড়া এখনও বাড়ানোর চিন্তা করছি না। তবে পরশুদিন রেল লঞ্চ নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হবে। লঞ্চে ভাড়া বাড়ানোর দাবি আছে।



