দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার বিচার করবে।
আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
৫০ বছরের পুরোনো রাড্ডা ক্লিনিক প্রকাশ্যে ভাঙচুরের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগের তির বিএনপির সংরক্ষিত আসনের এক এমপির দিকে। হামলায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও সংসদ সদস্যর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় সাধারণের কাছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।
সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি অভিযোগ উঠেছে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজদের তালিকা আপডেট করছে পুলিশ। চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান এবং তা আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ যারা বলছে, জনগণই তার বিচার করবে।
বিএনপি সরকারের ৮ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির ঘটনায়, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছে না সরকার।
এ ছাড়া দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয় বলে জানান মন্ত্রী।


