দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রোববার সচিবালয়ে ক্রীড়াবিদদের যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিবহন মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভার শুরুতে এসব কথা বলেন তিনি।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়েছে। তবে পারফরম্যান্স পর্যালোচনায় ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দিয়ে, নতুন ৯৫ জনকে এই তালিকায় যুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, ‘রেল, বিমান, সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। এশিয়ান গেমস বা ফুটবলের সার্বিক ফলাফলে সাময়িক হতাশা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটির রিপোর্ট পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার পেছনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ব্যক্তিগত কারণ ছিল। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত যেন না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সাবেক ক্রীড়া উপদেষ্টা বিষয়ে তদন্ত চলছে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্তে যা যা তথ্য চাচ্ছে সবই মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দিচ্ছে দুদক। সত্যতা পেলে তারাই ব্যবস্থা নেবে।’


