শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। গতকাল সোমবার থেকেই গন্তব্যে রওনা হন রাজধানীর বাসিন্দারা। আজও যাচ্ছেন অনেকে।
হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন বাড়ি যাচ্ছে, তেমনি দীর্ঘ ছুটি পাওয়ায় স্বজনদের সান্নিধ্যে কয়েকটি দিন কাটানো আর শিকড়ের টানে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। আজ সকাল থেকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে দেখা গেছে যাত্রীদের বাড়তি উপস্থিতি।
দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবরের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি নির্ধারিত হয়েছে।


