নির্বাচন কমিশন কোন পথে?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম

বাংলাদেশে জাতীয় ভোটের সময় নির্বাচন কমিশনের কার্যক্রম দেখলে পবিত্র কোরআনের সুরা কাহাফের ১০৩ ও ১০৪ নম্বর আয়াতটি মনে পড়ে। রকিব, হুদা, আউয়াল কমিশনগুলোর কাণ্ডকারখানা ও তাদের জেলবন্দিত্ব এবং বর্তমান নাসির কমিশনের আমলাগুলো মনশ্চক্ষে তোলপাড় তোলে।

ওই দুটি আয়াত পাঠে সবাই নিজের দিকে তাকায়। মহান আল্লাহ কি আমার উদ্দেশ্যেই এটা বলেছেন? শিরদাঁড়া কেঁপে যায়। আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ বলছেন, ‘(হে নবী) তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলব, যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত; (এরা হচ্ছে) যে সব লোক যাদের সমুদয় প্রচেষ্টাই এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা (বুঝি) ভালো কাজই করে যাচ্ছে।’

তাফসীর হলো– এ দুই আয়াত এমন ব্যক্তি ও দলকে অন্তর্ভুক্ত করেছে, যারা কোনো কোনো বিষয়কে সৎ মনে করে তাতে পরিশ্রম করে। কিন্তু আল্লাহর কাছে তাদের সে পরিশ্রম বৃথা এবং সে কাণ্ড নিষ্ফল।

ইসলামী পণ্ডিত কুরতুবী বলেন, ‘এ অবস্থা দুটি কারণে সৃষ্টি হয়— ১. ভ্রান্ত বিশ্বাস ২. লোক দেখানো মনোবৃত্তি। তাদের আমল বাহ্যত বিরাট বলে দেখা যাবে, কিন্তু হিসাবের দাঁড়িপাল্লায় তার কোনো ওজন হবে না।’ ইসলামী চিন্তাবিদদের মতে, আমল আল্লাহর উদ্দেশ্যে হলেও যদি তার সাথে কোনো রূপ সুখ্যাতি ও প্রসার প্রতিপত্তির বাসনা থাকে, তবে তাও এক রকম গোপন শিরক।’

কিয়ামতের দিন আল্লাহ শিরক বা রিয়াকারীদের বলবেন, তোমরা তোমাদের কাজের প্রতিদান নেওয়ার জন্য তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা কাজ করেছিলে। হযরত উমর (রা.) নবীজিকে বলতে শুনেছেন, যে ব্যক্তি সুখ্যাতি লাভের জন্য সৎকর্ম করে, আল্লাহতায়ালাও তার সঙ্গে এমন ব্যবহার করেন যে, যার ফলে সে ঘৃণিত ও লজ্জিত হয়ে যায়।

২০১৪, ২০১৮ এবং চব্বিশের নির্বাচন কমিশনার ও ভোট পরিচালনাকারীদের আল্লাহ সম্ভবত ক্ষমতাচ্যুত হাসিনার কাছে প্রতিদান নেওয়ার কথা বলতে পারেন। কেননা ওই স্বৈরাচারকে খুশি করতেই তারা নির্বাচন পরিচালনা করেছিলেন। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনারদের কী হবে? তাদেরকে কি ড. ইউনূস অথবা বিএনপি–জামায়াতের নেতৃবৃন্দের কাছে পাঠাবেন, যাদেরকে সন্তুষ্ট রাখার জন্য তারা ভোট করছেন?

সাংবাদিক শওকত মাহমুদ। ছবি: লেখকফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টার দাবি, সেটি এমন ভোট উৎসব হবে, দুনিয়ায় তাক লেগে যাবে। প্রধান নির্বাচন কমিশনারেরও সুরে বক্তব্য আছে। সুখ্যাতির জন্য বা লোক দেখানোর কর্মকাণ্ড আল্লাহ পছন্দ করেন না।

বিএনপি–জামায়াতের পছন্দের তালিকা থেকে আসা নাসির কমিশনের অধিকাংশ সদস্য এবং কমিশনের সচিব আমলাতান্ত্রিকতায় দুরস্ত। আইন বা বিধির বাইরে যান না বা তারা সম্পূর্ণ স্বাধীন— এমন শরীরী ভাষায় বাকবাকুম। কিন্তু তাদের কাজকর্মে কি তেমনি প্রতিফলন আছে?

চব্বিশের দুনিয়া কাঁপানো গণ–অভ্যুত্থানের পর তারা এসেছেন। কিন্তু ওই বিপ্লবের চেতনা কি তারা ধারণ করেন? বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন ব্যবস্থার গলদ দূর করতে হরহামেশাই পেরেশান, তাঁর নেতৃত্বাধীন নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালার বিরুদ্ধে প্রথম থেকেই অবস্থান নিয়েছে নাসির কমিশন।

নির্বাচন কমিশনকে কোনো কর্মের জন্য সংসদীয় কমিটির জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে— এমন সুপারিশের বিপক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা ছিল অনেকটাই যৌক্তিক। তবে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের জেলে যাওয়ার বিপরীতে সংসদের একটা বিচারে কমিশন সদস্যদের দায়মুক্তির চিন্তা থেকে মজুমদার কমিশন এমন প্রস্তাব করেছিলেন কি না জানি না।

তবে এটা সত্য, মজুমদার কমিশনের অধিকাংশ সুপারিশ নাসির কমিশন বা ইউনূস সরকার পাত্তাই দেয়নি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা সহজ করতে মজুমদার কমিশন সুপারিশ করেছিল। কিন্তু তার ধারে কাছে যায়নি বর্তমান নির্বাচন কমিশন। বরং এক–এগারোর ছদ্মবেশী সামরিক সরকার প্রণীত বিধিমালাকেই আঁকড়ে ধরেছে। চব্বিশের বিপ্লবী চেতনায় গঠিত দলগুলোর নিবন্ধন নিয়ে নাটক করছে। এনসিপির সঙ্গে প্রকাশ্য যুদ্ধে নেমেছে, যদিও প্রতীক শাপলা না দিয়ে সরকারের চাপে শাপলা কুঁড়ি পর্যন্ত এসেছে। আম–জনতা পার্টির মহাসচিব তারেকের অনশন এই কমিশনের বড় ব্যর্থতা।

অতীতের কমিশনগুলো যখন নতুন দলকে নিবন্ধন দিয়েছে, তারা নীরবেই এ প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু নাসির কমিশন এবার দরখাস্ত করা ১৪৭টি দলের মধ্যে প্রাথমিক বাছাইয়ে ২২টি দলকে উত্তীর্ণ করেছে। দ্বিতীয় বাছাইয়ে ১০টি দলকে মনোনীত করেছে। পরে আবার বলেছে যে, মাঠ পর্যায়ে কমিশনের তদন্তে অসম্পূর্ণতা আছে বিধায় অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রথমে এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিয়ে পরে জাতীয় লীগকে বাদ দিয়ে ওই ১০টির দুটো দলকে ভোটের লাইসেন্স দিয়েছে। নেজামে ইসলাম নামে জামায়াত ঘনিষ্ঠ এক দল ২২টির মধ্যে থাকা অবস্থায় উচ্চ আদালতে গিয়ে নিবন্ধন নিয়ে এসেছে। কমিশন সেখানে তাদের আইনজীবীই পাঠায়নি। এসব নাটকের কি দরকার ছিল? ভোট পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

নাসির কমিশনের সবচেয়ে বড় অমার্জনীয় ত্রুটি হলো, রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই অর্থাৎ আলোচনা না করেই নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধনীর প্রস্তাব দিয়েছে। ইউনূস সরকার তা অনুমোদনও করে দিয়েছে। সংশোধিত আইনে নির্বাচনী জোটে অন্তর্ভুক্ত দলগুলোকে নিবন্ধিত হতে হবে এবং নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। জোটের বড় দলের প্রতীকে ভোট করতে পারবে না। অর্থাৎ অতীতের সব নির্বাচনে যেমন করে অনিবন্ধিত দল জোটের হয়ে ভোট করতে পারত, এবার তা হবে না। করতে চাইলে বড় দলে যোগ দিতে হবে। এটা তো বহুদলীয় গণতন্ত্রের বদলে একদলীয় ব্যবস্থাকে সমর্থন করা! অভিযোগ, নির্বাচনকে অবাধ করার বদলে টাইট করে দেওয়া হলো।

স্বতন্ত্র প্রার্থীদের দরজা কুখ্যাত হাসিনা জটিল করে দিয়েছিল। মোট ভোটারের ১ শতাংশের লিখিত সমর্থন নিয়ে মনোনয়নপত্র পেশ করতে হবে— খুবই কঠিন কাজ। কিন্তু নাসির কমিশন বড় দলগুলোর কথায় হয়তো সেই বিধান এখনও রেখে দিয়েছে। অথচ বিএনপি–জামায়াত ভোটের পরে জাতীয় সরকার গঠন এবং ফ্লোরক্রসিং সম্পর্কিত ৭০ অনুচ্ছেদের সংশোধনের ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তা না হলে ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই বিধান রাখা হচ্ছে কেন?

নাসির কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ আছে। এনসিপি বলেছে, এই কমিশন বিএনপি ও জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। জামায়াতে ইসলামী যখন পিআরের দাবিতে সোচ্চার, তখন প্রধান নির্বাচন কমিশনার বললেন, সংবিধানে পিআর নেই। আমাদের প্রস্তুতি সংবিধান বর্ণিত নির্বাচন ব্যবস্থা নিয়ে। ভালো কথা— এটা সাংবিধানিক অবস্থান।

গণভোট অনুষ্ঠানের সময়সীমা নিয়ে বিএনপি ও জামায়াতের কাইজ্যা যখন তুঙ্গে, তখন একজন নির্বাচন কমিশনার বলে বসলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা গেলে খরচ কমবে। কিন্তু গণভোট তো সংবিধানে তখনও পুনঃপ্রতিষ্ঠিত হয়নি বা এখন নেই, তাহলে এটা বললেন কী করে? সাংবিধানিক অবস্থান নিয়ে দুরকম মন্তব্য। নির্বাচন কমিশন একটি কোয়াসি–জুডিশিয়াল বডি। যখন তখন মন্তব্য করা সাজে না।

ড. ইউনূস বা আন্তর্জাতিক সম্প্রদায়ের মুগ্ধ দৃষ্টি অর্জন বা ভারতের সাবেক স্বনামধন্য প্রধান নির্বাচন কমিশনার টিএন সেশনের মতো খ্যাতিসম্পন্ন হওয়ার মনোবাঞ্ছা নিয়ে বাংলাদেশের আসন্ন কঠিন নির্বাচন অনুষ্ঠান করতে গেলে বিপদ হবে। বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, বৈষম্যমুক্ত অবাধ ভোট করতে গেলে নিরপেক্ষ এবং মুক্তমনা ভোট পরিচালক দরকার।

নির্বাচনের আগে আইন–শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, দলীয় মনোনয়নপ্রাপ্ত ও বঞ্চিতদের রক্তারক্তি, ভোটের প্রচারণার নামে কোটি কোটি টাকা খরচ করা আর মনোনয়ন বাণিজ্য, সর্বোপরি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রশাসনিক মাতব্বরি— এসব নিয়ে কমিশন নীরব কেন? নাসির কমিশন কি অন্তর্বর্তী সরকারের প্রত্যঙ্গ সংস্থা? বিনীত অনুরোধ, আপনারা নিজের দিকে তাকান, আল্লাহর নির্দেশাবলি অনুসরণ করে তাঁর সন্তুষ্টি আদায় করুন।

লেখক: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশ–এর মহাসচিব।

[এই মতামত লেখকের নিজস্ব। এর সঙ্গে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রাতিষ্ঠানিক সম্পাদকীয় নীতিমালার কোনো সম্পর্ক নেই।]

বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে প্রায় দুই বছর ভারতে অবস্থানের পর দেশে ফিরে তাঁর আত্মসমর্পণের...
চীনের সাম্প্রতিক বাংলাদেশ–সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা, পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। দ্বিপাক্ষিক কূটনীতির সীমা ছাড়িয়ে এক গুরুত্বপূর্ণ সফর ছিল...
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে এবার আপনিও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন—এটি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। জীবনের...
প্রতিশ্রুতি আছে, পরিকল্পনা নেই— বাস্তবায়ন তো দূরের কথা! জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রায় সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান,...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর