সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন তিনি।
সারজিস লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে র/ক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এরআগে গত ১৮ জুলাই হবিগঞ্জের আজমিরীগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা হয়। এতে সারজিস আলম আহত হন। ওই হামলার জন্য বিএনপিকে দায়ী করেন সারজিস।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, হবিগঞ্জে বাধার মুখে পড়া এনসিপির ‘জুলাই পদযাত্রা’ সিলেট পৌঁছানোর কথা আজ। আজ সিলেটের দুই উপজেলা ও আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা করবে দলটি।
এ উপলক্ষে হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার প্রেক্ষিতে এনসিপির কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
জুলাই মাসজুড়েই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ জুলাই এ পদযাত্রা সিলেটে যাওয়ার কথা।
এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ সকালে জানান, বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এসে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন।
আর শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন নেতা–কর্মীরা। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানান কামরুল আরিফ।



