দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির সম্ভাবনা দেখছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার এক অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশ এই শান্তি মীমাংসায় সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে শেষ পর্যন্ত সংঘাতে জড়িত রাশিয়া ও ইউক্রেনকে এ সমস্যার সমাধান করতে হবে বলেও জোর দেন পুতিন।
এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা এবং বেসামরিক বিমানে হামলার খবর পাওয়া হুমকিগুলো মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল। ইউক্রেনের সাম্প্রতিক পদক্ষেপ শান্তি প্রচেষ্টায় বাধা তৈরি করছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিবিএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দীর্ঘমেয়াদি এই যুদ্ধে দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে।



