দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বাংলাদেশি চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে এটি পরিচালনা করেছেন আকরাম খান। সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রের সহপ্রযোজনায় রয়েছে টিএম ফিল্মস।
জানা যায়, প্রায় সাতশ’ চলচ্চিত্র থেকে বাছাই করে ‘নকশিকাঁথার জমিন’সহ ৮টি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের (বেস্ট ফিচার ফিল্ম) প্রতিযোগিতা বিভাগে। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে গত শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়৷ এর পরদিন উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।
নির্মাতা আকরাম খান বলেন, ‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার প্রাপ্তিতে আমি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি ‘
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে আছেন জয়া আহসান ও সেঁওতি এবং দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই—দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
এর আগে এশিয়ার অন্যতম চলচিত্র উৎসব ভারতের আইএফএফআই-এ ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল চলচ্চিত্রটি। এছাড়াও বেঙ্গালুরুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় ‘নকশিকাঁথার জমিন’।


‘বাকের ভাই’ থেকে ‘মুক্তিযোদ্ধা বদিউল’—আসাদুজ্জামান নূরের আলোচিত ৫ চরিত্র
গাজীপুরে আগুন দেওয়া কারখানাটি আমার নয়: অনন্ত জলিল
