ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা তপু খান। অভিষেক করেছেন চলচ্চিত্রেও। গত ঈদুল ফিতরে মুক্তি পায় তাঁর পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে দারুণভাবে ছন্দে ফেরেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এবার এই নির্মাতা জুটি বাঁধলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। না, এটি কোনো সিনেমা নয়; বলা যায় ‘ইউটিউব ফিল্ম’। যেখানে অপূর্বর অ্যাকশন ডিজাইন করেছেন চেন্নাইয়ের আলোচিত ফাইট ডিরেক্টর রাজেশ কান্নান। বলিউডের ‘দাবাং’, ‘ওয়ান্টেড’, `সিংঘম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ঢালিউডের ‘প্রিয়তমা’র মতো জনপ্রিয় সিনেমায় ফাইট পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
অপূর্বর এই ইউটিউব ফিল্মের নাম ‘ডার্ক জাস্টিস’। ডিটেকটিভ অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই এক্সক্লুসিভ কনটেন্টে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

কাজটি নিয়ে নির্মাতা তপু খানের ভাষ্য, ‘বাংলাদেশে অনলাইন ইন্ডাস্ট্রির জন্য এভাবে অ্যাকশন কনটেন্ট আগে হয়নি। অন্যান্য কনটেন্টের তুলনায় বিগ বাজেটের মাল্টি কাস্টিং কাজ এটি। মানুষ দেখে অন্য রকম একটা আমেজ পাবে। অপূর্ব ভাই খুবই এক্সাইটেড কাজটি করে। অনেকদিন পর এতো আর্টিস্ট নিয়ে কাজটি করেছি।’
পরিচালকের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। সংলাপও তাঁরই লেখা। গল্প ভাবনা ও প্রযোজনায় ছিলেন আকবর হায়দার মুন্না। যিনি এর আগে ‘কমলা রঙের রোদ’, ‘তিতলির ফিরে আসা’, ‘ব্যাডবাজ’-এর মতো জনপ্রিয় নাটকের প্রযোজনায় যুক্ত ছিলেন।

এছাড়া এই ফিল্মের মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর একসঙ্গে পর্দা ভাগ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ। তাঁরা ছাড়াও রয়েছেন সায়লা সাবি, রাশেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, সাহেদ আলী, অনিন্দিতা মিমি, স্বরন সাহা, রওনক রিপন প্রমুখ।
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ফিল্মের দৃশ্যধারণ ইতিমধ্যে সম্পন্ন। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি এর শুটিং হয়। শিগগিরই এটি ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


নাঈমের গিটারে গায়ক অপূর্ব
বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিম্যাল’
