মহানগর ২ (হইচই)
বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর ২’। ২০২০ সালে সিরিজটি স্ট্রিমিংয়ের পর দীর্ঘদিন ধরে দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে চলতি বছরের এপ্রিলে সেই প্রতীক্ষার অবসান ঘটে। মুক্তি পায় আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর ২’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তির পর দর্শকপ্রিয়তায় এটি প্রথম সিজনকেও ছাড়িয়ে যায়। এ সিরিজে ওসি হারুন চরিত্রে ব্যাপক প্রশংসিত হন মোশাররফ করিম। তিনি ছাড়াও নতুন সিজনে যুক্ত হন কয়েকটি চরিত্র। যেসব চরিত্রে আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস ও তানজিকা আমিনের অভিনয়ে মুগ্ধ হন দর্শক।
উনিশ ২০ (চরকি)
ভালোবাসা দিবসের ঠিক আগের দিন (১৩ ফেব্রুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ওয়েব ফিল্মটি। এর মাধ্যম দীর্ঘদিন পর পর্দায় ফেরেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা অভিনেত্রী আফসানা আরা বিন্দু। বলা যায়, চরিত্রটির জন্য তাঁকে বেছে নেওয়াটা পরিচালক মিজানুর রহমান আরিয়ানের জন্য সঠিক নির্বাচন। সাদামাটা উপস্থিতির এক্সপ্রেশনে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন বিন্দু। তাঁর সঙ্গে রোমান্টিক দৃশ্যে আগেও রোমান্স ছড়িয়ে দেওয়া আরিফিন শুভই ছিলেন জুটি। অন্যান্য চরিত্রে ছিলেন ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদ ও হাসান মাসুদ।
ইন্টার্নশিপ (চরকি)
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আসে ‘ইন্টার্নশিপ’। এই সময়ের অ্যাকশন, থ্রিলার কিংবা হরর দেখা দর্শকদের কাছে ভিন্ন এক স্বাদ এনে দেয় সিরিজটি। মুক্তির পর তেমন আলোচনায় না এলেও সমালোচকদের বিপুল প্রশংসা পেয়েছে এটি। একজন ইন্টার্নের বিভিন্ন গল্প নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি। নির্মাণ করেছেন রেজাউর রহমান। মূল চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। এ ছাড়াও অভিনয় করেছেন মীর রাব্বি, সাদিয়া আয়মান, শম্পা রেজা, সারাহ আলম, তাসলিমা হোসেন নদীসহ আরও অনেকে।
মাইশেলফ অ্যালেন স্বপন (চরকি)
২০২২ সালের আলোচিত ওয়েব সিরিজ শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’। যেখানে অ্যালেন স্বপন চরিত্রটি রহস্য জিইয়ে রেখে নজর কাড়েন দর্শকের। চলতি বছর এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় সিরিজটির স্পিন-অফ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। স্ট্রিমিংয়ের পর পরই তুমুল আলোচনায় চলে আসে এটি। দর্শকপ্রিয়তায় চরকির বিগত দিনের সব কন্টেন্টকেও পেছনে ফেলে দেয় সিরিজটি! এতে নাম ভূমিকায় নাসিরউদ্দিন খানের অসাধারণ অভিনয়ের প্রশংসার পাশাপাশি নতুন করে আলোচনায় আসেন রাফিয়াত রশিদ মিথিলা। পাশাপাশি স্ক্রিনে কম সময়ের উপস্থিতিতেও দর্শকদের মুগ্ধ করেন তরুণ অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু। এ ছাড়া এই সিরিজের ‘বয়াম পাখি’ গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
আমি কী তুমি (আইস্ক্রিন)
চলতি বছর যাত্রা শুরু করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিন। প্ল্যাটফর্মটি উদ্বোধনী ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। গত জুলাইয়ে স্ট্রিমিংয়ের পর সিরিজটি অর্জন করে ব্যাপক দর্শকপ্রিয়তা। পর্দায় বাজিমাত করেন মেহজাবীন চৌধুরী ও শ্যামল মাওলা। সাধারণ দর্শক থেকে সমালোচকরাও মুগ্ধ হন ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে। অন্যান্য চরিত্রে ছিলেন জুনায়েদ বোগদাদী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু প্রমুখ।
সাড়ে ষোল (হইচই)
একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলের রহস্যময় সাড়ে ষোলো ফ্লোরকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। গত এপ্রিলে মুক্তি পাওয়া এ সিরিজ পরিচালনা করেছেন ইয়াছির আল হক। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় এটি। সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, আফিয়া বর্ণ প্রমুখ।
বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি (বিঞ্জ)
নির্মাতা শিহাব শাহীনের বাস্তব জীবনের গল্প অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’। গত ২৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পায় এটি। সিনেমাটির কাহিনি এগিয়েছে বাবা-মেয়ের গল্পে। নিপুণভাবে এতে বর্ণবৈষম্যের শিকার হওয়াকেও তুলে এনেছেন নির্মাতা। মুখ্য চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল, জন ক্রস (অস্ট্রেলিয়া) প্রমুখ।
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি (চরকি)
তারকা দম্পতি হিসেবে ভক্তদের কাছে অনুসরণীয় তিশা-ফারুকী। এবার এই দম্পতির জীবনঘেঁষা গল্প উঠে আসে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে। গত ৩০ নভেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরই দর্শকরা ওয়েব ফিল্মটি লুফে নেয়। পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো এর মাধ্যমে অভিনয়েও নাম লেখান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটিতে অভিনয়ে প্রশংসা পান নুসরাত ইমরোজ তিশা। এমনকি এ সিনেমায় রয়েছেন তিশা-ফারুকীর মেয়ে ইলহামও। সব মিলিয়ে, বেশ কিছু প্রথমের সম্মিলন এই ‘অটোবায়োগ্রাফি’। যেখানে অভিজ্ঞতার আলোকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অন্ধকার দিকগুলো সুনিপুণভাবে তুলে ধরেছেন ফারুকী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডলি জহুর, মনোয়ার হোসেন ডিপজল, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
মোবারকনামা (হইচই)
বছরের শেষদিকে মুক্তি পাওয়া এ সিরিজে ম্যাজিক দেখিয়েছেন মোশাররফ করিম। সমালোচকদের মতে, ওসি হারুনের মতো ‘মোবারকনামা’র মোবারক চরিত্রেও অভিনেতাকে মনে গেঁথে রাখবে দর্শক। সিরিজটি গত ২১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ স্ট্রিমিং হয়। তারপর থেকেই যাঁরা দেখেছেন প্রশংসা করছেন এর নির্মাতা গোলাম সোহরাব দোদুলের মুনশিয়ানার। সিরিজটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শবনম ফারিয়া, শাহনাজ সুমি, নওরিন হাসান খান জেনি, সামিয়া অথৈ, সৈয়দ জামান শাওন প্রমুখ।


অন্য এলাকার ভোটাররাও প্রচার চালাচ্ছেন মাহির
অনন্ত জলিলের নামে বড় অঙ্কের প্রতারণার মামলা
