বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবান্বিত অধ্যায় অপারেশন জ্যাকপট। নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত এই গেরিলা অভিযানের বীরত্বের নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। যার নাম রাখা হয়েছে —অপারেশন জ্যাকপট।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
শোনা যাচ্ছিল সাংগঠনিক দ্বন্দ্ব ভুলে এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন নিপুণ আক্তার ও জায়েদ খান। গতকালের ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি। গুঞ্জন আছেন ছবিটি থেকে বাদ পড়েছেন এই চিত্রনায়ক। তবে ২০২৩ সালের সবচেয়ে ‘ভাইরাল ম্যান’ জায়েদ জানালেন, ছবিটি নিয়ে এখনও আলোচনায় বসাই হয়নি তাঁর। কিন্তু প্রাথমিক কথা বার্তা হয়েছে।
অন্যদিকে, নিপুণ জানিয়ে দিয়েছেন, জায়েদ খান এ সিনেমায় কাজ করলে তিনি করবেন না। তিনি যখন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, তখন জানতেন না এতে জায়েদ খান আছেন। দ্রুতই সিনেমার সাইনিং মানি ফেরত দেবেন বলে জানান নিপুণ।
অন্যদিকে ছবিতে নিপুণ থাকলে আপত্তি নেই জায়েদের। তবে শর্ত প্রযোজ্য। এই নায়ক ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘আমি দুবাই গিয়েছিলাম। আজ (২৮ ডিসেম্বর) ঢাকায় ফিরলাম। আগে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বসতে চাই। তারপর সিদ্ধান্ত। ছবি করতে আপত্তি নেই। তবে একফ্রেমে (নিপুণের সঙ্গে) না থাকলেই হলো।’
জায়েদ জানান আজ-কালের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বসবেন তিনি।
এর আগে অপারেশন জ্যাকপট থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পী চৌধুরী। কারণ জানিয়ে এক ভিডিও বার্তায় বাপ্পী বলেন, ‘আমাকে মৌখিকভাবে যা বলেছিল, সেটা বিশ্বাস করে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই, তখন মনে হয় কাজটি করা আমার উচিত হবে না। এ কারণেই সরে আসা।’
জানা যায়, শুক্রবার থেকে বাংলাদেশে শুরু হবে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা।
ঘোষণা অনুযায়ী অপারেশন জ্যাকপট ছবিতেনৌ-বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা। আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, নিপুণ, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।


অনন্ত জলিলের নামে বড় অঙ্কের প্রতারণার মামলা
বছরজুড়ে আলোচনায় ছিল যেসব ওয়েব সিরিজ-ফিল্ম
