ডেভিড ওয়ার্নার যেন কাদম্বিনী। ওয়ানডে থেকে আজ সোমবার সকালে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার। এ নিয়ে হা-হুতাশ শুরু হওয়ার আগেই আবার একটা ‘কিন্তু’ যোগ করেছেন। বলেছেন, দল চাইলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও পারেন। অর্থাৎ অবসর নিলেও এখনো বিদায় নেননি ওয়ার্নার!
আগেই ঘোষণা দিয়েছেন সিডনি টেস্ট দিয়ে ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণ থেকে বিদায় নেবেন। সিডনি টেস্ট যদি পঞ্চম দিনে গড়ায় তাহলে ৭ জানুয়ারিতেই লাল বলে শেষ দেখা যাবে ওয়ার্নারকে। ৩ তারিখ শুরু হতে যাওয়া সে টেস্টের প্রাক্কালে ওয়ানডে থেকেও অবসরের কথা জানিয়েছেন ওয়ার্নার, ‘আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। বিশ্বকাপের সময়ই বলেছিলাম এমন কিছু, টুর্নামেন্ট শেষ করতে পেরেছি, এবং ভারতে বিশ্বকাপ জিতেছি, আমার ধারণা অনেক বড় অর্জন এটা।’
৩৭ বছর বয়সী ওয়ার্নারের আন্তর্জাতি ক্রিকেটে আবির্ভাব একটু পরে হয়েছে। এবং এ সময়টায় ওয়ানডেও খুব কম খেলেছে অস্ট্রেলিয়া। ২০১১ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া নিয়মিত হওয়া ওয়ার্নার মাত্র ১৬১ ম্যাচ খেলেছেন। তাতেই ৪৫.৩০ গড়ে ৬,৯৩২ রান। করেছেন ২২টি সেঞ্চুরি। ওয়ানডে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু রিকি পন্টিং, তবে পন্টিং তাঁর চেয়ে ২০৫টি ইনিংস বেশি খেলেছেন।
ওয়েনডেতে অস্ট্রেলিয়ার ষষ্ঠ-সর্বোচ্চ রান সংগ্রাহকের মনে হচ্ছে,টেস্ট বা ওয়ানডেতে যা পেয়েছেন তা যথেষ্ট, ‘আজ আমি তাই সে সিদ্ধান্ত নিচ্ছি, এই দুই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। এতে আমি বিশ্বের অন্য লিগগুলোতে খেলতে পারব এবং ওয়ানডে দলও এগিয়ে যেতে পারবে।’
তবে আগামী দেড় বছরেও যদি উপযুক্ত কোনো ওপেনার খুঁজে না পায় অস্ট্রেলিয়া, সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্নার, ‘আমি জানি চ্যাম্পিয়নস ট্রফি আছে সামনে। দুই বছর পরও যদি ভালো খেলি এবং তখনো টিকে থাকি এবং তাদের যদি কাউকে দরকার হয়, আমার আপত্তি নেই। ’
তাঁর ধারণা, বিশ্বকাপে অস্ট্রেলিয়া যেভাবে প্রত্যাবর্তন করেছে, তাতে মনে হয়েছে, একাহ্নেই শেষ করতে পারাটা খারাপ না, ‘আমি বেশ স্বচ্ছন্দে এই সিদ্ধান্ত নিতে পেরেছি। যে অবস্থায় ছিলাম, সেখান থেকে ভারতে জেতটা দারুণ ছিল। ভারতে যখন টানা দুই ম্যাচ হারলাম, দলের মধ্যে বন্ধনটা আরও দৃঢ় হয়েছে। এবং আমরা যা অর্জন করেছি সেটা কোনো দুর্ঘটনা ছিল না। ম্যাক্সির (গ্লেন ম্যাক্সওয়েল) বীরত্ব, অধিনায়কত্ব, যে দক্ষতার সঙ্গে আমরা ভারতের সঙ্গে খেলেছি এবং কৌশল কাজে লাগিয়েছি, সব দারুণ ছিল, কলকাতার সেমিফাইনালের কথাটাও ভুললে চলবে না।’
ওয়ানডে ও টেস্ট থেকে সরে গেলেও ২০২৭ পর্যন্ত টি-টোয়েন্টি খেলতে আগ্রহী ওয়ার্নার।



