যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্য দিকে, এক যুগ পর ব্যাপক ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। এখন পর্যন্ত ৬৪৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি জয় পেয়েছে ৪১২ আসনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনে সরকার গঠন করতে ৩২৬ আসন প্রয়োজন হয়। সেখানে লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অনেক আসনে এগিয়ে রয়েছে।
এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র ১২০ আসনে। আর লিবারেল ডেমোক্র্যাটসরা পেয়েছে ৭১ আসনে জয়। এ ছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৯টি, এসএফ ৭টি ও অন্যান্য দল ২৮টি আসনে জয় পেয়েছে। বাকি তিনটি আসনে এখনও ফল প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৯ সালে ৩৬৫ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পার্টি। ওই সময়ে লেবার পার্টি পেয়েছিল ২০২টি আসন। এ ছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৪৮ টি আসনে, লিবারেল ডেমোক্র্যাটসরা ১১ টি আসনে এবং অন্যান্যরা পেয়ছেন ২৪ টি আসন জয় পেয়েছিল।
এরই মধ্য পরাজয়ের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে লেবার পার্টির নেতা স্টারমারকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋসি সুনাক।
সমর্থকদের উদ্দেশ্য দেওয়া এক ভাষণে সুনাক বলেন, ‘ব্রিটেনের জনগণ যে রায় দিয়েছে তা থেকে অনেক কিছু শেখার আছে। আমি হারের পুরো দায়িত্ব নিচ্ছি।’
এদিকে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, ‘আমরা পেরেছি। এখান থেকেই পরিবর্তনের শুরু।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেক্ষেত্রে শুক্রবারই রাজার কাছে পদত্যাগ জমা দিতে পারেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইনপ্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।



