ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব জাহাজ, যুদ্ধবিমান, অস্ত্র ও সেনাসদস্যরা ইরানের আশপাশেই অবস্থান করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
ট্রাম্প লিখেছেন, ‘যদি কোনো কারণে চুক্তি না হয়—যার সম্ভাবনা খুবই কম—তবে এমন লড়াই শুরু হবে যা আগে কেউ কখনো দেখেনি। এটি হবে আগের চেয়েও ব্যাপক এবং আরও শক্তিশালী। ইরানের কাছে অবশ্যই কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এবং হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত ও নিরাপদ হতে হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। তবে মঙ্গলবার রাতে ইরান ও যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। আগামী শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষ চুক্তির জন্য আলোচনায় বসবে।
ট্রাম্প আরও লিখেছেন, ‘ইতিমধ্যে আমাদের সামরিক বাহিনী সমরাস্ত্রে সজ্জিত হচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা আসলে তাদের পরবর্তী বিজয়ের জন্য উন্মুখ হয়ে আছে।’
অবশ্য যুদ্ধবিরতি ঘোষণার পরও মধ্যপ্রাচ্যে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধবিরতির মাঝেই নতুন করে হামলা-পাল্টা হামলায় পুরো অঞ্চল আরও অস্থির হয়ে উঠেছে। একদিকে লেবাননে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অন্যদিকে সৌদি আরব, কাতার, কুয়েত ও ইরাক থেকে এসেছে ইরানের হামলার খবর।
ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবাননকে সেই চুক্তির অংশ তারা মনে করে না। এরপরই দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই অবস্থান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে। ইরানও আগেই সতর্ক করেছিল, লেবাননে হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন হবে। ফলে শুরু থেকেই এই সমঝোতা ভঙ্গুর হয়ে ওঠে।


