বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা আর সংসদে কথা বলার দক্ষতা বিবেচনা করেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বিএনপি। জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুই দিনে ফরম বিক্রি হয়েছে ১ হাজার ২৫টি। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে রোববার পর্যন্ত।
বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে দ্বিতীয় দিনের মত শুরু হয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি। দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেশের দূরদূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতিতে উৎসবের আমেজ পায় দলের কেন্দ্রীয় কার্যালয়।
মনোনয়ন প্রত্যাশীদের আশা, গত দেড় যুগ গ্রেপ্তার-নির্যাতন-নিপীড়ন সহ্য করে যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদেরকেই বিবেচনা করবে দল। নির্বাচিত হলে কী ভূমিকা রাখবেন তা নিয়ে কথা বলেন বিএনপির নারী নেত্রীরা।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি।
আগামীকাল রোববারও অব্যাহত থাকবে মনোনয়ন বিক্রি ও সংগ্রহের কাজ। ১২ মে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেবেন নির্বাচিত সংসদ সদস্যরা।


