কৃষকদের হাতে বিভিন্ন ফলের চারা তুলে দিয়ে সেই গাছের ফল খাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান এ সময় বলেন, ‘ওনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। ওনাদের বলেছি এগুলো বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশপাশে যাঁরা আছেন, তাঁরা খেয়াল করবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘আর যাঁরা আম গাছ পেয়েছেন, জাম গাছ পেয়েছেন, তাঁদের আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন। আপনারাও খেয়াল রাখবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেই জন্যই আমরা এই কৃষক কার্ড দিয়েছি।’
এর আগে ঢাকা থেকে সড়কপথে সরাসরি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আসেন তারেক রহমান।


