কুষ্টিয়ার হরিপুরে পদ্মা নদীতে সন্ত্রাসীদের হামলায় ৫ নৌ-পুলিশ ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সকালে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নৌ-পুলিশ সদস্যদের উপর গুলির ঘটনায় অজ্ঞাত ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আসামি করে মামলা হয়েছে। সন্ত্রাসীদের সনাক্ত ও তাদের গ্রেপ্তারে কাজ চলছে।
এর আগে বুধবার রাতে পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী হরিপুর এলাকায় পদ্মায় নিয়মিত টহলের সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এসময় নৌ-ফাঁড়ির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুরুতর আহত হন। তাদের রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।


