বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড-ফোর্সের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ আয়োজন রয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন ও কর্মভিত্তিক নানা অনুষঙ্গে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানসূচি। থাকছে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা, স্মৃতিচারণা, কবিতা পাঠ, শিশুতোষ পরিবেশনা ও দেশাত্মবোধক গান প্রভৃতি।

আজ সকাল ৯টায় প্রচার হবে শিশুতোষ বিশেষ অনুষ্ঠান। যেখানে শিশুদের অংশগ্রহণে থাকছে ছবি আঁকা, গল্প বলা, নাটিকা ও আলোচনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন। উপস্থাপনায় রয়েছেন সমৃদ্ধি সূচনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি কর্তৃপক্ষ জানায়, শিশুদের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ককে জানার ভিন্নধর্মী এই প্রয়াস অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা।
দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। এতে জিয়াউর রহমানের জীবনপথ, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, রাজনৈতিক দর্শন এবং মৃত্যুকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরা হবে। একই সঙ্গে বিভিন্ন বিশিষ্টজনের সাক্ষাৎকার ও স্মৃতিচারণায় উঠে আসবে তাঁর কর্মজীবনের নানাদিক। প্রযোজনা করেছেন মামুন মাহমুদ।
বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে কবিতা পাঠের আয়োজন। জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় এবং ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এতে কবিতার ভাষায় স্মরণ করা হবে জিয়াউর রহমানকে।

রাত ৯টায় প্রচার হবে ‘ইতিহাসের বাঁকে বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া’। মোস্তাফিজুর রহমান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে তথ্যচিত্র, আলোচনা ও স্মৃতিচারণার মধ্যদিয়ে তুলে ধরা হবে শহীদ রাষ্ট্রপতির রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও সময়ের প্রেক্ষাপট। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন বিশিষ্টজন।
এ ছাড়া রাত ১১টায় আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় প্রচার হবে ‘জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’। বিশেষ এই অনুষ্ঠানের গবেষণা ও উপস্থাপনায় রয়েছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। এতে থাকছে আলোচনা, সাক্ষাৎকার ও সংগীত আয়োজন।
দিনব্যাপী আয়োজনে আরও থাকছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। সকাল ৭টা ১৫ মিনিট, ১০টা, দুপুর ১টা, সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১১টায় মাহেদুর রহমান ও লুৎফর রহমানের প্রযোজনায় প্রচার হবে এসব সংগীতানুষ্ঠান। বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রামাণ্য অনুষ্ঠান, স্মৃতিচারণা ও গানের মধ্যদিয়ে এই গোটা আয়োজনে উঠে আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অধ্যায়ের নানা অনুরণন।


সিনেপ্লেক্সে শো বেড়েছে দ্বিগুণ, প্রথম দিন ‘রকস্টার’ ছবির ব্যবসা কত?
