প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। 

রাজশাহী হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার বলেন, ‘রঙতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীর প্রাণবন্ত অবয়ব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে রাজশাহীতে প্রতিমা শিল্পীদের দম ফেলারও সময় নেই।’

যশোরের শ্রীহরি মন্দিরে তৈরি হচ্ছে ১০১ জন দেব-দেবীর প্রতিমা। একই সঙ্গে তুলে ধরা হচ্ছে সনাতন শাস্ত্র মতে চারটি যুগের সব বৈশিষ্ট্য।

কিশোরগঞ্জের বিভিন্ন মন্দির-মণ্ডপে দেবী দুর্গার পাশাপাশি গড়া হচ্ছে লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতীর প্রতিমা। শিল্পীরা বলছেন, সময়ের সঙ্গে কমেছে কাজ। বেড়েছে জিনিসপত্রের দাম।

নাটোরের ৪০৩টি মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, ‘খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।’
 
এছাড়া, চাঁদপুর, গোপালগঞ্জ, কুয়াকাটা,ঝালকাঠিতে, নেত্রকোণা, পটুয়াখালীর বিভিন্ন মন্দির-মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।