নভেম্বরের শেষ দিকে রেলের বহরে যুক্ত হবে অত্যাধুনিক ১৮টি ব্রডগেজ বগি। এসব বগিতে আছে সিসিটিভি, বেবি কেয়ার রুম ও নামাজের কক্ষ সুবিধা। পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে এসব কোচ। সংযুক্ত করা হতে পারে ঢাকা-পাবনা রুটে। রেলপথ মন্ত্রণালয় বলছে, আরও ২০ কোচের দ্বিতীয় চালান আসবে আগামী ডিসেম্বরে। যা চলবে ও ঢাকা খুলনা রুটে।
দেশজুড়ে একের পর এক নতুন রেলপথ হলেও যাত্রীসেবায় বড় বাধা কোচ বা বগি সংকট। এতে অনেক রুটে চাহিদা অনুযায়ী পরিচালনা করা যাচ্ছে না ট্রেন।
এমন বাস্তবতায়, ভারতের সঙ্গে ২০২৪ সালে ২০০ ব্রডগেজ কোচ তৈরি ও সরবরাহের চুক্তি হয়। এর আওতায় প্রথম দফায় ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ পাঠিয়েছে দেশটি।
এসব বগিতে সিসিটিভি ও জরুরি সংকেতের ব্যবস্থা রয়েছে। আছে শিশুর যত্নকক্ষ ও নামাজের ব্যবস্থাও।
সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন,
শনিবার ভারতের একটি কারিগরি দল আসবে। এরপর যৌথভাবে কমিশনিং করা হবে। প্রয়োজনীয় ট্রায়াল শেষে কোচ গুলো বহরে যুক্ত হবে নভেম্বরে।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘সংকট কাটাতে দেড় হাজারের বেশি নতুন কোচ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ইঞ্জিন সংকট কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।’
চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০ ব্রডগেজ কোচ যুক্ত হওয়ার কথা রয়েছে রেলওয়ের বহরে।