বরিশালের গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী নিহত ওই নারীর নাম দেলোয়ারা বেগম। তাঁর সাথে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী, গ্রামের বাড়ি চুলচর বালিয়াখালি, বিমানবন্দর থানা। তাঁর স্বামীর নাম নুর আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২টার দিকে ঢাকা থেকে যাতায়াত পরিবহনের একটি বাস বরিশালে আসছিলো। বার্থী বাসস্ট্যান্ডে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি বাসের ১০ যাত্রী আহত হয়। আহতদের গৌরনদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।