পটুয়াখালীর কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে অন্তত ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছপালা। এ ছাড়া মির্জাগঞ্জে অন্তত ৩ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে গ্রামটির ৭-৮টি বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। টর্নেডোর আঘাতে শতাধিক গাছপালা উপড়ে পড়ে।
তাহেরপুর গ্রামের ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) দলনেতা মো. মিজানুর রহমান বলেন, ‘সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে সকাল ১০টা কিছু আগে হঠাৎ করে আমাদের গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। টর্নেডো মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল। কিছু বুঝে ওঠার আগেই কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. তুহিন খান জানান, হঠাৎ টর্নেডোর আঘাতে কোনো ঘরের চাল আবার কোনো ঘরের বেড়া উড়িয়ে নিয়ে গেছে। আবার কোনো ঘরের ওপর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ির বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, ‘ওই গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে বলে শুনেছি। এতে কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরেজমিনে ক্ষয়ক্ষতি নিরূপন করে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা দেব।’
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় উপজেলাগুলোতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ টর্নেডো আঘাতে আতঙ্কিত হয়ে পড়েন উপকূলীয় এলাকার বাসিন্দারা।