পটুয়াখালীতে ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালীর দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে ৬৫ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ রোববার সকালে পুলিশ এ ঘটনায় জড়িত মনির হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে। 

আটক মনির নিহত বৃদ্ধার দূর সম্পর্কের নাতি। মনির পটুয়াখালীর দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায় হোসেন মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত বৃদ্ধা, তার পুত্র , পুত্রবধূ ও প্রতিবন্ধী এক নাতিকে নিয়ে বাড়িতে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে মনির বাড়িতে এসে বৃদ্ধার পুত্রবধূর কাছে পানি খেতে চায়। তিনি দরজা না খোলায় মনির বসতঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে বৃদ্ধার ছেলে বাবুল খানের কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় মনির বাবুল খানকে পিটিয়ে জখম করেন। এসময় ভয়ে বৃদ্ধার পুত্রবধূ তার প্রতিবন্ধী কন্যাকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নেয়।

ওই পুত্রবধূ জানান, ঘটনার সময় মনিরের আচরণ দেখে মনে হচ্ছিল মনির স্বাভাবিক ছিল না। মাদকাসক্ত ছিল। এক থেকে দেড় ঘণ্টা পর মনির ঘর থেকে চলে গেলে তিনি ঘরে ফিরে আসেন। এসময় তার শাশুড়ি বিবস্ত্র  মৃত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা নিহত বৃদ্ধার ছেলে বাবুল খানকে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে মামলার  করেছেন। তবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।