বরিশাল বোর্ডে এইচএসসির ফলে ধস

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। 

গত দেড় যুগের মধ্যে এমন ফলাফল বিপর্যয় দেখেনি বরিশাল শিক্ষা বোর্ড।

আজ শনিবার বেলা ১১টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণার অনুষ্ঠানে এ পরিসংখ্যান তুলে ধরেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

তিনি জানান, এ বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৬৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৯১২ জন। ৩৫০টি কলেজের শিক্ষার্থীরা ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

বোর্ডের অধীনে তিনটি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১১টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব কলেজের মধ্যে পটুয়াখালীর তিনটি, বরগুনার দুটি, পিরোজপুরের দুটি, ভোলার তিনটি এবং ঝালকাঠির একটি কলেজ রয়েছে।

ফলাফলের তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন। সে তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’