কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় মোট ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে। কোন পরীক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এবার এই শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।
গত ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া বিগত বছরের চেয়ে জিপিএ-৫ কমে অর্ধেকে নেমে এসেছে। সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
এবার কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের যে ১৫টি প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো হলো–চাঁদপুর পৌর শহীদ জাবেদ হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের বগইর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার কমলনগর এর তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ডা. এম শামসুল হক মডেল কলেজ, ফেনী সদর উপজেলার বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সিকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালী জেলার বেগমগঞ্জের উপপের মডেল কলেজ, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ফেনীর সদর উপজেলার বিকন মডেল কলেজ।
আর যে চারটি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে সেগুলো হলো কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লার সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার মেঘনা উপজেলার মোজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ।
এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল হয়েছে।
এবার পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী।


