অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে মঙ্গলবার হরতাল 

অপহৃত ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি রাসেল মুক্তি পরিষদ। 

সোমবার খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র  মোঃ রফিকুল আলমকে আহ্বায়ক করে গঠিত রাসেল মুক্তি পরিষদ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মঙ্গলবার খাগড়াছড়ি শহরে সকাল-সন্ধ্যা হরতাল আহব্বান করা হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য সকলের প্রতি আহ্বান করা হলো। উল্লেখ্য যে, শুধুমাত্র ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স, ফার্মেসী, সংবাদপত্র, বিদ্যুৎ ও সরকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে ।”

এদিকে খাগড়াছড়ি থেকে অপহৃত ব্যবসায়ী  শফিকুল ইসলাম রাসেল ১২ দিনেও উদ্ধার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সোমবার সকালেও শহরের শাপলা চত্ত্বর থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জেলার দীঘিনালার নয় মাইল এলাকায় সেগুন বাগান দেখতে গিয়ে অপহরণের শিকার হন ব্যবসায়ী। অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও  অপহৃত শফিকুল ইসলাম রাসেলকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। 

এরমধ্যেই শফিকুলের মোবাইল থেকে ফোন করে প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে নিলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। এরপর পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়।