খাগড়াছড়ির গুইমারায় সরকারি চালবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির চালক মো. ইসহাক মিয়া (২৮) গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে গুইমারার হাফছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ইসহাককে মুমূর্ষু অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রুপান্তর চাকমা বলেন, ‘চট্টগ্রামের দেওয়ানহাট খাদ্য গুদাম থেকে সরকারি চালবোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামে নিয়ে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের চালক ইসহাক মিয়া দগ্ধ হন। এছাড়া হেলপার বেলাল হোসেনও (৩৫) আহত হয়েছেন।’
রুপান্তর চাকমা বলেন, ‘আহতদের প্রথমে মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হলে চালক ইসহাককে মুমূর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।’
খাদ্য নিয়ন্ত্রক জানান, ট্রাকে ১৫ টন চাল ছিল। এর মধ্যে ৪ টন চাল পুড়ে গেছে। গাড়িটি এখন গুইমারা থানায় রয়েছে। চালকের শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়েছে। ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গতকাল রোববার দেশের বিভিন্ন এলাকায় ১০টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, ১০টি যানবাহনের মধ্যে ঢাকা সিটিতে একটি, নওগাঁয় একটি, কিশোরগঞ্জে একটি, খাগড়াছড়িতে একটি, দিনাজপুরে একটি, রাজশাহীতে একটি, নাটোরে ৩টি ও সিলেটে একটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন কাজ করেছে।