উপজেলা নির্বাচন

খাগড়াছড়িতে ব্যালট পেপারে জোর করে সিল, ভোটগ্রহণ স্থগিত

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম।

চেয়ারম্যান প্রার্থী সুপার জ্যোতি চাকমা অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে কেন্দ্র দখল করে আওয়ামী সমর্থিত প্রার্থী সাথোয়াইঅং মারমার লোকজন ব্যালটে সিল মেরেছে। এ সময় তার লোকজন প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। কেন্দ্রটি সাময়িক স্থগিত করা হয়েছে। আমি চাই পুরোপুরি কেন্দ্রটি স্থগিত করা হোক।’

এদিকে পাল্টা অভিযোগ করে সাথোয়াইঅং মারমা বলেন, ‘বর্মাছড়ি ইউনিয়ন তিনটি কেন্দ্র এবং সদর ইউনিয়নের একটি কেন্দ্র সুপার জ্যোতি চাকমার সর্মথকেরা দখল করে ভোট দিয়েছে।’

নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী অয়ক্রইপ্রু মারমা অভিযো করে বলেন, ‘দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে অস্ত্রধারীরা আমাকে হুমকি দিয়েছে। আমার নিজের ব্যালট কেড়ে নিয়েছে।’

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বলেন, ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর: