ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারকে চড়-থাপ্পড়

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। নাসিরনগরে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকদের জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে চড়–থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে।

আজ বেলা ১১টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চড়–থাপ্পড়ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কেন্দ্রটিতে ভোটগ্রহণে ধীরগতি দেখা দেয়। কেন্দ্রের ২ হাজার ৯৯০ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ২৪২টি।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার বলেন, বেলা ১১টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তাঁর কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তাঁর সমর্থকরা জাল ভোট দিতে চাইলে পোলিং অফিসার মো. ফয়সাল ইসলাম খান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো. ফয়সল ইসলাম খান চাতলপাড়ের ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওই কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। পোলিং অফিসারকে মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে সকাল ৮টায় নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

সংশ্লিষ্ট খবর: