কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের একদিন পর আসিফ আহমেদ নামের চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে সমিতি পাড়া এলাকার সমুদ্র সৈকতে ভেসে আসে তাঁর মরদেহ।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে তিন বন্ধু নিখোঁজ হয়। ঘটনার পর কে এম সাদমান রহমান সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অরিত্র হাসান নামের আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা তিনজনই চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে সি সেইফ লাইফ গার্ডের সদস্য ওসমান গনি জানান, স্থানীয় লোকজন আজ সকালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিখোঁজ আসিফ আহমেদের ছবির সঙ্গে মিল রয়েছে মরদেহটির।
এর আগে গতকাল নিখোঁজ শিক্ষার্থীদের এক বন্ধু জানান, গতকাল মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান পাঁচ বন্ধু। তাঁরা সবাই চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্য থেকে তিন বন্ধু গতাকল সকালে সমুদ্রে নেমেছিলেন। সমুদ্র উত্তাল থাকায় স্রোতে ভেসে যান তাঁরা। পরে স্থানীয় জেলেরা সাবাবের মরদেহ উদ্ধার করেন।