কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
গত রোববার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয় ৯ বছরের হুজাইফা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টেকনাফের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার পাঠানো হয় ঢাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘হাসপাতালে রাত ২টা পর্যন্ত অপারেশন হয়েছে। আফনানের মাথার যে স্থানে গুলিটি রয়েছে সেটিকে বলা হয় ব্রেনের ভাইটাল সেন্টার। ওখানে হাত দেওয়া হলে বা কোনো কিছু হয়ে গেলে রোগী ওটি টেবিলেই মারা যায়।’
মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে হুজাইফাকে। তার জীবন নিয়ে শঙ্কায় পরিবার। সাথে যোগ হয়েছে দীর্ঘ চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তা।
আহত আফনানের মা হোসনে আরা বলেন, ‘আমরা আমাদের ছেলে-মেয়েদের নিরাপত্তা চাই। ওরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, খেলতে পারে না, দোকানে যেতে পারে না।’
এদিকে মিয়ানমারে সংঘর্ষের কারণে আতঙ্কে দিন কাটছে টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের। সীমান্তে দিন-রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটছে।