চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনায় ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার সীতাকুণ্ড মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মামলায় আইনশৃঙ্খলা বিঘ্ন করা, সরকারি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। রাষ্ট্র বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যহত রেখেছে পুলিশ।
এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ। যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। পরে বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।